জেরুজালেম: ইসরাইলি সেনাবাহিনীতে ইরানের গুপ্তচর ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম-এর সঙ্গে সংশ্লিষ্ট এক রিজার্ভ সেনাকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) পুলিশ জানায়, জেরুজালেম-এর বাসিন্দা ২৬ বছর বয়সী রাজ কোহেন-কে ইরানের কাছে গোপন তথ্য পাচারের সন্দেহে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য হিসেবে আয়রন ডোম ব্যবস্থায় দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের দাবি, কয়েক মাস ধরে তিনি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং তাদের নির্দেশনায় বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন। এর মধ্যে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে।
এ গ্রেপ্তারের ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং ইরান-এর মধ্যে উত্তেজনা ও সংঘাত চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইসরাইলের দাবি, তাদের আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও, সাম্প্রতিক হামলায় কিছু কৌশলগত স্থানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, রামাল্লাহভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে হামলায় চার ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
আর/

