ভারতে ইফতারের সময় মুসলিম যুবকদের ওপর উগ্র হিন্দুত্ববাদীর হামলা, আহত ৫–৬ জন

by ABDUR RAHMAN

ভারতের পুনে ডিস্ট্রিক্টের পুরন্দর তালুকার অস্কারওয়াড়ি গ্রামে ইফতারের প্রস্তুতি নিতে জড়ো হওয়া একদল, মুসলিম যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় একটি লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এফআইআর সূত্রে জানা যায়, পুনের কোন্ধওয়া এলাকার ৩৬ বছর বয়সী কাপড় ব্যবসায়ী ফিরোজ সায়াদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে করে অস্কারওয়াড়ি গ্রামের একটি লেকের পাশে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে বসে ইফতারের জন্য ফল ও খাবার সাজাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঠিক সেই সময় ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। তাদের অনেকের কাছেই লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা সেখানে থাকা যুবকদের ধর্মীয় পোশাক ও টুপি নিয়ে আপত্তি জানায় এবং উস্কানিমূলক মন্তব্য করতে থাকে।

এক পর্যায়ে তারা উপস্থিত যুবকদের মাথা থেকে টুপি খুলে ফেলতে বলে এবং এরপর শারীরিক হামলা শুরু করে। এতে কয়েকজন আহত হন।

ঘটনার পর সাওয়াদ পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং ইন্ডিয়ান আর্মস অ্যাক্টের আওতায় মামলা রুজু করেছে।

পুলিশ পরিদর্শক কুমার কদম বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।”

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলটি কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থান নয়। স্থানীয় গ্রামবাসীদের দাবি, এর আগে সেখানে এভাবে ইফতারের জন্য মানুষ জড়ো হতে দেখা যায়নি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

এসডিপিআই নেতা আজহার তাম্বোলি অভিযোগ করেন, “উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই হামলার পেছনে রয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ