শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারি মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন। তার দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলো ইরানের সভ্যতা ও ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করেই চালানো হয়েছে।
সূত্র: শাফাক নিউজ।
বিবৃতিতে তিনি মুসলমানদের সতর্ক করে বলেন, নিজেদের ভূখণ্ড, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে এবং ইহুদি ও আমেরিকানদের অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিয়া ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জিহাদ সাধারণত আত্মরক্ষামূলক—আক্রমণ চালানোর জন্য নয়। দ্বাদশ শিয়া মতবাদ অনুযায়ী, এ ধরনের ঘোষণা দেওয়ার ক্ষমতা সাধারণত একজন মারজা’ আল-তাকলিদের, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে।
এর আগে ২০১৪ সালে ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। তার সেই আহ্বানের পর গঠিত হয় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস।
উল্লেখ্য, ইরানপন্থি অধিকাংশ শিয়া সশস্ত্র গোষ্ঠী আয়াতুল্লাহ আলী খামেনি–কে তাদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মান্য করে।
আর/

