যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স–এ ইরানের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। সেখানে ব্রিটিশ এমপি এড ডেভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কঠোর সমালোচনা করে বলেন, ইরানের ওপর একতরফা সামরিক হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এ সিদ্ধান্তের সম্পূর্ণ দায় ট্রাম্পের।
তিনি দাবি করেন, এমন পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কাও বাড়াচ্ছে। যদিও তিনি ইরানি সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন, তবুও সতর্ক করে বলেন যে সামরিক অভিযান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং নিরীহ নাগরিকদের ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সংসদে ইরানের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় ডেভি এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কূটনৈতিক বিকল্পগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত এবং আন্তর্জাতিক আইন মেনে দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।
বিশ্লেষকদের মতে, এ ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক আইন নিয়ে বিতর্ক আরও জটিল আকার ধারণ করতে পারে।
আর/

