কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার বালুখালী এলাকায় নির্বাচনপরবর্তী সহিংসতার ঘটনায় একটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ওই দোকানসহ ৫–৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন দোকানদার, স্থানীয় জামায়াত কর্মী মো. নুরুল হাকিম (২৬)। নুরুল হাকিম বালুখালীর জমিদারপাড়া এলাকার মরহুম আবু তালেবের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে উখিয়ার বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল হাকিম জানান, নির্বাচনপরবর্তী উত্তেজনার মধ্যে তার দোকানে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ব্যানার টানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাকে হুমকি দিচ্ছিলেন। অবশেষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে তার দোকানে হামলা চালানো হয় এবং আগুন লাগানো হয়।
নুরুল হাকিম অভিযোগ করেছেন, দোকানে আগুন লাগানোর সময় তিনি দোকানের ভিতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে তিনি কোনোভাবে দোকান থেকে বের হয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। আগুনে তার সব সঞ্চয় ও মালামালসহ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি জানিয়েছেন, ভোটের পরে দোকান ভাঙচুরের আশঙ্কায় রাতেও দোকানেই অবস্থান করতেন।
বালুখালী বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভোররাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। বিজিবি ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আর/

