মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবে নির্ভরযোগ্য ফতোয়া প্রদানের লক্ষ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৮ জন জ্যেষ্ঠ আলেমকে সরকারিভাবে ফতোয়া প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা ইসলামিক ইনফরমেশন সূত্রে গতকাল (৩ ফেব্রুয়ারি) জানা গেছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাহকে মক্কা শাখায় দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে প্রাতিষ্ঠানিক ফতোয়া প্রদান করবেন।
রাজকীয় নির্দেশনার আওতায় ঘোষিত এই নিয়োগগুলোর মূল লক্ষ্য হলো- দেশজুড়ে মধ্যপন্থী, যাচাই করা ও নির্ভরযোগ্য ইসলামী মূলনীতির আলোকে ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করা এবং তা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা।
এই তালিকায় আরও যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন:
শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ, আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস অঞ্চল
শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার, মদিনা অঞ্চল
শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি, আসির ও জিজান অঞ্চল
শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি, আল-বাহা ও নাজরান অঞ্চল
শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর, কাসিম ও হাইল অঞ্চল
শায়খ ড. আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-মুল্লা, ইস্টার্ন প্রভিন্স ও নর্দার্ন বর্ডারস অঞ্চল
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক ভিত্তিতে দায়িত্ব বণ্টনের ফলে সৌদি নাগরিক ও প্রবাসীরা নিজ নিজ এলাকায় দ্রুত ও নির্ভরযোগ্য ধর্মীয় দিকনির্দেশনা পাবেন।
সূত্র: ইসলামিক ইনফরমেশন।
আবুআ/

