ঢাকার আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতের কারণে শহরের গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে গৃহস্থালি ও বাণিজ্যিক গ্রাহকদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে আজ (৯ জানুয়ারি) জানা গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, পাইপলাইন মেরামতের পরও মেরামতের সময় পানি প্রবেশ এবং স্বল্পচাপ থাকা এতে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীর গাবতলী, আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিতাস গ্যাস সমস্যা নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত চাপ ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ গ্রাহকদের সময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “রাতে সামান্য গ্যাস থাকলেও দিনের বেলা গ্যাস পুরোপুরি নেই, ফলে রান্না ও অন্যান্য গৃহস্থালি কাজ করতে কষ্ট হচ্ছে। অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।”
রাজধানীতে শীতে তীব্র গ্যাস সংকটের এই পরিস্থিতি গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরও ভোগান্তি তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুআর/

