অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অনলাইন জুয়া ও মাদকাসক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম আন্দালিব সাদমান রাফি। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফি অত্যন্ত মেধাবী ও ধর্মপরায়ণ শিশু ছিল। নিয়মিত তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করায় মাদরাসা থেকেও পুরস্কৃত হয়েছিল সে।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী খোকন (২০) অনলাইন জুয়া ও মাদকাসক্ত একটি চক্রের সদস্য। রাফির বাবা জহিরুল ইসলাম, তার চাচা এবং এলাকার কয়েকজন তরুণ দীর্ঘদিন ধরে তাদের এসব অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। একপর্যায়ে অভিযুক্তরা রাফির বাবার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও অভিযোগ উঠে। তবে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১১টার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
অভিযোগ রয়েছে, খোকন প্রথমে পাখির বাচ্চা ধরে দেওয়ার কথা বলে রাফিকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে একটি বিলে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বস্তায় ভরে বাড়িতে এনে বাথরুমের ট্যাংকিতে লুকিয়ে রাখা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
হুদহুদ বিশ্লেষণ
সামাজিক অবক্ষয়, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার আজ গ্রামাঞ্চল পর্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। সচেতন পরিবার ও সমাজের প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দিতে অপরাধীরা ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। রাফির মর্মান্তিক মৃত্যু নতুন করে সেই উদ্বেগই সামনে নিয়ে এসেছে।

