অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
তিনি জানান, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক গতিবিধি রোধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
এদিকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে স্থানীয় জনগণকে সতর্ক করতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাইকিং করেছে বিজিবি। সেখানে সীমান্ত সংলগ্ন এলাকায় নির্ধারিত সময়ের পর চলাচল থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।
মাইকিংয়ে বলা হয়, সীমান্ত এলাকার বাসিন্দারা যেন বিকেল ৫টার পর ১৫০ গজ সীমান্ত বা শূন্য রেখার কাছাকাছি না যান। একই সঙ্গে কৃষিকাজ বা গবাদিপশু চরানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
বিজিবি আরও জানায়, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে বলা হয়েছে।
এর আগে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ঘটনায় সতর্কতা বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চলছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
আর/

