অফিসের কাজে আগ্রহ পাচ্ছেন না? যেসব কারণে প্রেরণা হারাচ্ছেন আপনি

by NUR ALAM

চাকরিজীবনে মাঝেমধ্যে কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া বা গতি হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক ঘটনা। এমন অবস্থায় অনেকেই হঠাৎ করে চাকরি বদলের কথা ভাবেন। তবে বিশেষজ্ঞদের মতে, চাকরি না ছেড়েও কাজের পরিবেশ ও মানসিকতার পরিবর্তনের মাধ্যমে এই একঘেয়েমি কাটিয়ে ওঠা সম্ভব।

বর্তমানে দেশে কর্মসংস্কৃতি বদলাচ্ছে, বাড়ছে প্রত্যাশা—সেই সঙ্গে বাড়ছে মানসিক চাপ ও ক্লান্তি। ফলে অনেকেই বুঝতে পারছেন না কেন অফিসের কাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। চলুন জেনে নেওয়া যাক কাজের প্রতি অনীহার পেছনের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ—

বিজ্ঞাপন
banner

একই কাজে দীর্ঘদিন আটকে থাকা

প্রেরণা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হলো স্থবিরতা। বছরের পর বছর একই দায়িত্ব, পদোন্নতির অনিশ্চয়তা কিংবা বেতন বৃদ্ধির অভাব ধীরে ধীরে মানসিক ক্লান্তি তৈরি করে। যখন ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা থাকে না, তখন মস্তিষ্ক ‘অটোপাইলট’ মোডে চলে যায়। অগ্রগতি চোখে না পড়লে অবচেতন মন কাজের জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি বিনিয়োগে অনাগ্রহী হয়ে ওঠে।

অজান্তেই বার্নআউটে ভুগছেন

বার্নআউট এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে অনেকেই তা বুঝতেই পারেন না। সপ্তাহান্তে কাজ, রাতের খাবারের সময় অফিস কল, গভীর রাতে ইমেইলের উত্তর—সব মিলিয়ে ধীরে ধীরে শক্তি নিঃশেষ হয়ে যায়। অনেক সময় ভালো ঘুমের পরও ক্লান্ত লাগে, কাজে মন বসে না। মস্তিষ্ক যখন সবসময় ‘গো মোডে’ থাকে, তখন সৃজনশীলতা ও আগ্রহ হারিয়ে যায়।

মনের মতো কাজ না পাওয়া

অনেকেই নিজের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার বেছে নিতে পারেন না। পারিবারিক চাপ, আর্থিক নিরাপত্তা কিংবা সামাজিক বাস্তবতা মানুষকে এমন কাজে ঠেলে দেয়, যা তার আগ্রহ বা দক্ষতার সঙ্গে মেলে না। একসময় ভালো সুযোগ-সুবিধাও অর্থহীন মনে হতে শুরু করে। কাজ যদি অর্থহীন মনে হয় বা ক্রমাগত মানসিকভাবে নিঃশেষ করে দেয়, তাহলে প্রেরণা কমে যাওয়া স্বাভাবিক।

সহায়ক নয় কাজের পরিবেশ

টক্সিক কর্মপরিবেশে সবচেয়ে দক্ষ কর্মীরাও আগ্রহ হারিয়ে ফেলেন। অসম্মানজনক ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, অফিস রাজনীতি বা ক্রমাগত চাপ কর্মীর মনোবল ভেঙে দেয়। মতামতের মূল্য না পাওয়া, প্রশংসার অভাব এবং নিরাপত্তাহীন পরিবেশে কর্মীরা শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

নিয়মিত বিরতির অভ্যাস না থাকা

অনেকে কাজের চাপে ডেস্কেই খাবার খান, বিরতির সুযোগ নেন না। অথচ মানসিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য নিয়মিত বিরতি অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত একটি লাঞ্চ ব্রেক নেওয়া, হালকা হাঁটা, বই পড়া বা গান শোনার মতো ছোট অভ্যাস কাজের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে। দীর্ঘ সময় একটানা কাজ করলে আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, আর ছোট ছোট বিরতি সেই একঘেয়েমি ভাঙতে সহায়ক।

এনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ