রামলাতে এক ইসরায়েলি রিজার্ভ সেনার বিরুদ্ধে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনিকে ইচ্ছাকৃতভাবে গাড়ির নিচে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিদেশি গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কাঁধে রাইফেল ঝোলানো এক ইসরায়েলি সেনা রাস্তার পাশে নামাজ আদায়রত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দেন। এতে ওই ব্যক্তি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পর সেনা সদস্যটি চিৎকার করে আহত ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে ইশারা করেন।
হামলার পর আহত ফিলিস্তিনি যুবককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত যুবকের বাবা মুজদি আবু মাখু জানান, তার ছেলের দুই পায়ে তীব্র আঘাত পেয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় ওই সেনা সদস্য তার ছেলের ওপর মরিচের স্প্রে ব্যবহার করেন।
এদিকে, একই সময়ে প্রকাশিত আরেক খবরে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি কোম্পানি গোপনে নাগরিকদের গাজা থেকে বের করে নেওয়ার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছে।
অন্যদিকে, জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের চালানো হামলাগুলো ছিল অত্যন্ত সহিংস। এসব হামলায় এ পর্যন্ত ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

