অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে দাঁড়িয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা তার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে অবস্থানকালে বিএনপি পরিচয়ে কিছু লোক তার ওপর হামলা চালায়।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কাজ শেষে ফেরার পথে ফিলিং স্টেশনে গাড়ি থামালে মাগরিবের আজান হলে তিনি নামাজ পড়তে যান। এ সময় তার গাড়ির ওপর হামলা চালানো হয় এবং শব্দ শুনে এগিয়ে আসা তার সঙ্গীদের ওপরও শারীরিক নির্যাতন করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে খুঁজতে মসজিদে প্রবেশের চেষ্টা করে। মুসল্লিরা দরজা বন্ধ করে দিলে তারা অস্ত্র দিয়ে দরজা ভাঙার চেষ্টা চালায় এবং তাকে হত্যার হুমকি দেয়। পরে তিনি জানতে পারেন, তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল।
সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পরিস্থিতি এমন ছিল যে মুসল্লিদের প্রতিরোধ না থাকলে হয়তো আজ তাকে নিয়ে সংসদে শোক প্রস্তাব আনতে হতো। তিনি অভিযোগ করেন, প্রকৃত আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তিনি বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে মাত্র একজন তালিকাভুক্ত আসামি, বাকিরা নিরপরাধ এবং ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঘটনাটি দুঃখজনক এবং পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জেনেছেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আর/

