অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
গাজীপুরের টঙ্গী জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদরাসায় মোবাইল ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) সব শিক্ষার্থীকে একযোগে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা শফী কাসেমী নদভী।
রোববার (১৯ এপ্রিল) তিনি জানান, আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তেই এ বছরের দাওরার সকল শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মাদরাসায় মোবাইল চেকিংয়ের সময় শিক্ষার্থীরা আগেই টের পেয়ে মোবাইল সরিয়ে ফেলে। তবে অন্যান্য জামাতে কিছু মোবাইল পাওয়া গেলেও সংশ্লিষ্ট দাওরার শিক্ষার্থীদের কাছ থেকে কিছু উদ্ধার হয়নি।

ঘটনার আরেক পর্যায়ে জানা যায়, দাওরার শিক্ষার্থীরা মাগরিবের সময় বুখারী শরীফের দরস বর্জন করে দারুল হাদিস কক্ষে তালা লাগিয়ে দেয় এবং বিভিন্ন দাবিতে অবস্থান নেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে মাদরাসা কর্তৃপক্ষও পাল্টা ব্যবস্থা হিসেবে প্রবেশপথে তালা লাগায়।
শিক্ষক মাওলানা শফী কাসেমী নদভী তার ফেসবুক পোস্টে ঘটনাটি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ভুল স্বীকার করে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ক্ষমা না চাওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য কিছু শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে।
এদিকে শিক্ষকদের মতে, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো আদব-আখলাক শিক্ষা ও বিশুদ্ধ ইসলামী জ্ঞানচর্চা। বারবার সুযোগ দেওয়ার পরও শৃঙ্খলা না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করেন। ঘটনাটি ঘিরে স্থানীয় কওমি মাদরাসা অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

