অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব মৌখিকভাবে না নিয়ে কেবল টেবিলে উপস্থাপনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, এতে সংসদ সদস্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং মন্ত্রীদের জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, কার্যকর সংসদ পরিচালনার জন্য মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা ও উত্তর পাওয়া জরুরি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে উপস্থাপন করা হচ্ছে, ফলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ থাকছে না। এতে সংসদ একটি “স্ক্রিপ্টেড মনোলগ”-এ পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সীমিত সময়ের মধ্যেই সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় সেই সুযোগ কমে যাচ্ছে, যা সংসদীয় অধিকার খর্ব করছে।
এ বিষয়ে স্পিকার জানান, কার্যপ্রণালি বিধি অনুযায়ী অধিকারের প্রশ্ন উত্থাপনের জন্য নির্দিষ্ট সময়ের আগে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
আর/

