আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির পরই ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রণালিতে নজরদারির একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে সব নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ভিডিও প্রকাশের পর আইআরজিসির নৌ কমান্ড সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনো ধরনের তৎপরতা চালানো হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। এতে করে গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেছে।
অন্যদিকে, ট্রাম্প বলেছেন, আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হলেও পারমাণবিক ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে টোল দেওয়া জাহাজগুলো আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং প্রণালিতে পাতা মাইন ধ্বংস করবে।
তিনি আরও বলেন, ইরানকে টোল দেওয়া কোনো জাহাজ নিরাপদ থাকবে না এবং ইরান যদি কোনো হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। এদিকে ইরানও পূর্বে সতর্ক করে জানিয়েছে, তাদের অবকাঠামোর ওপর হামলা হলে তারা ইসরায়েলসহ অঞ্চলের বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানবে।
সূত্র: বিবিসি, আল জাজিরা

