অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (KIB) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে জ্বালানি সংকট নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদে সরকারি দলের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবে সাধারণ মানুষ জ্বালানি সংকটে ভুগছে।
তিনি অভিযোগ করেন, দেশের বড় বড় সিন্ডিকেটের পেছনে সরকারি দলের সংশ্লিষ্টতা রয়েছে। জ্বালানি সংকটের কারণে কৃষকরা সেচ দিতে পারছেন না, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার মতে, কৃষি ক্ষতিগ্রস্ত হলে পুরো জাতিই বিপর্যয়ের মুখে পড়বে।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন খাতে ‘গোঁজামিল’ ও ‘টপ-ড্রেসিং’-এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ব্যাংকিং খাতসহ নানা জায়গায় প্রকৃত অবস্থা আড়াল করে কাগজে-কলমে লাভ দেখানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ৬০ থেকে ৯০ দিনের বাফার স্টক গড়ে তোলা, ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছতা আনা এবং বিকল্প জ্বালানির দিকে—বিশেষ করে সোলার এনার্জির দিকে—জোর দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের স্বার্থ রক্ষা করা। তবে বর্তমান সংসদ থেকে এখন পর্যন্ত জাতির জন্য প্রত্যাশিত ফল পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আর/

