যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের বাবা-ছেলেসহ মোট ৪ জন নিহত

আলবানির কাছে মুখোমুখি সংঘর্ষ; একই পরিবারের দুই সদস্য নিহত, গুরুতর আহত মা ও শিশুসন্তান আইসিইউতে

by Master Fatih
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-পুত্র

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একই পরিবারের বাবা-ছেলেসহ মোট ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আপস্টেট অঞ্চলে আলবানি শহরের কাছাকাছি এলাকায়।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের বাসিন্দা মোহাম্মদ হিরামন (৬০) এবং তার বড় ছেলে নাজমুল এম রুবেল (৩০)। এছাড়া রুবেলের বন্ধু ফাহিম হালিমও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। অপর একটি গাড়ির আরও একজন আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তারা নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে ছিলেন। গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহত হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) এবং তার চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাত দিয়ে স্থানীয়রা জানান, হঠাৎ করেই এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো পরিবারকে বিপর্যস্ত করে দেয়।

এদিকে, প্রবাসে একই পরিবারের বাবা-ছেলের করুণ মৃত্যুর খবরে কুমিল্লার কড়ইবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

বুধবার (নিউইয়র্ক সময়) জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টার-এ তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ হিরামন ২০১৮ সাল থেকে স্ত্রী নাজমা আক্তার, সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ