৩১
নিজস্ব প্রতিবেদক | জাজিরা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমান্ত এলাকার পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শিবচর ও পাঁচ্চরের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
