রমযান ও উমরা সফর শেষে রাজনৈতিক নতুন ধাপের ইঙ্গিত দিলেন মাওলানা মামুনুল হক

দীর্ঘমেয়াদি কৌশল, ফতোয়া ব্যবহারে সতর্কতা এবং নারী-ছাত্র সমাজে সাংগঠনিক বিস্তারে

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মাওলানা মামুনুল হক। সম্প্রতি তার ব্যক্তিগত স্ট্যাটাসে বিগত কয়েক মাসের রাজনৈতিক অভিজ্ঞতা, রমযানকালীন কার্যক্রম এবং উমরা সফরের আলোকে আগামীর পরিকল্পনা তুলে ধরা হয়েছে।তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে জটিল সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, যা মোটেও সহজ ছিল না। বহুমাত্রিক বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হলেও সার্বিকভাবে এ সময়কে সফল হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, একটি ধাপ অতিক্রম করে এখন নতুন পর্যায়ে প্রবেশের প্রস্তুতি চলছে।
রমযানুল মুবারকেও রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি অব্যাহত ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
রাজনীতিতে দীর্ঘমেয়াদি কৌশলের ওপর গুরুত্বারোপ করে তিনি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক মাওলানা ফজলুর রহমান-এর একটি বক্তব্য উদ্ধৃত করেন। সেখানে রাজনীতিকে তাৎক্ষণিক আন্দোলনের পরিবর্তে ধীর, স্থায়ী প্রভাব বিস্তারের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্যে পৌঁছাতে সাময়িক অর্জন ত্যাগের মানসিকতা থাকতে হয় এবং নীতি ও বিশ্বস্ততা বজায় রাখা অপরিহার্য।
রমযানের শেষ দিকে তিনি উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদীনা সফর করেন। এই সফরে আত্মিক প্রশান্তির পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে গভীরভাবে ভাবনার সুযোগ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মদীনা সফরকালে প্রখ্যাত আলেম মাওলানা ইলিয়াস ফয়সাল-এর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ ইলমী ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি নির্বাচনী রাজনীতিতে ওলামায়ে কেরামের ফতোয়া প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তার মতে, রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের কারণে বারবার ভিন্ন ফতোয়া প্রদান করলে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রাজনীতিতে ফতোয়ার পরিবর্তে রাজনৈতিক ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে নারী ও সাধারণ শিক্ষার্থী সমাজে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যেও সংগঠনের বিস্তৃতি ঘটানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, পাকিস্তানে মাওলানা ফজলুর রহমান ইতোমধ্যে নারী নেতৃত্বকে সংগঠনে সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করেছেন, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

banner

এ জাতীয় আরো সংবাদ