বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবু তাহের নদভী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির আমীর শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অন্যতম উপদেষ্টা আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকালে ইসলামী শিক্ষা, দাওয়াত ও আত্মশুদ্ধির ময়দানে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, বিজ্ঞ আলেম ও সমাজসংস্কারক। তাঁর জীবন ছিল ইলম, আমল, ইখলাস ও খিদমতে দ্বীনের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, আল্লামা আবু তাহের নদভী রহ. পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পয়ামে ইনসানিয়াত পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছে। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন, কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শিক্ষক ও ভক্তবৃন্দকে সবরে জামিল দান করুন।
আর/

