জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ আর ১৯৭২ সালের সংবিধান চায় না।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় সংসদ সদস্য বলেন, স্বাধীন দেশে জন্ম নিয়েও নতুন প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, “আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমাদের কী ভুল ছিল? আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা সেই নিরাপত্তা পাইনি।”
নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি ১৯৯৪ সালের মাগুরা উপ-নির্বাচনের প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতিকে ‘মাগুরা মার্কা নির্বাচন’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা ও পরবর্তীতে এলাকায় গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে।
হান্নান মাসউদ আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ভোট দেওয়ার কারণে তার এলাকায় এক নারী নির্যাতনের শিকার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।
তিনি সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ ধরনের পরিস্থিতি দেশের জন্য আরও বড় সংকট ডেকে আনতে পারে।
আর/

