অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কার ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাকচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহতদের মধ্যে চারজন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন—ঝর্না বেগম (৪০), তার স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), মেয়ে লাবিবা (১৮) এবং দুই ছেলে। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি বরিশালের বাসিন্দা। আহত আবরার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লায় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের 8 জনসহ নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়; মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারে শোকের ছায়া
৪২
