ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এক নজিরবিহীন বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
জোলফাগারি ইংরেজিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় সরাসরি বলেন, “হে ট্রাম্প, ইউ আর ফায়ার্ড!”—যা ট্রাম্পের সাবেক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর অত্যন্ত জনপ্রিয় উক্তি ব্যবহার করে বলা হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে ইরান সরাসরি ট্রাম্পকে বিদ্রূপ করার সঙ্গে হুমকিও উচ্চারণ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, যদি হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকে তবে তারা ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাবে। জবাবে ইরান সতর্ক করেছে যে, এমন কোনো পদক্ষেপ নিলে তারা কঠোর ও শাস্তিমূলক প্রতিশোধমূলক হামলা চালাবে।
একই সময়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে দুটি পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশনে হামলায় একজন নিহত হয়েছে। তেহরানসহ খোররামাবাদ, উরমিয়া, ইসফাহান, কারাজ ও আহভাজে বিস্ফোরণ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৫০০ জন নিহত এবং ৮০,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে এই পাল্টা হুঁশিয়ারি ও উত্তেজনার ঘটনা নতুন নাটকীয় মাত্রা যোগ করেছে।
আর/

