ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ১৪ দিনের রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হয়।
আদালতে হাজিরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন
তিনি বলেন, “আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।”
এর আগে চলতি মাসের ৭ মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে আত্মগোপনে ছিলেন।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে ওই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয় এবং রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
আর/

