যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (১৫ মার্চ) সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর লাহাভ ৪৩৩ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গিলাত লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর দাবি, এসব হামলার মাধ্যমে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার শিকার স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে সংঘাতের ১৬তম দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার পর ওই এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
একই সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
আর/

