গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দরে ইরানের ড্রোন হামলা, কয়েক দেশে সতর্কতা জারি

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনা বাড়ছে উপসাগরীয় অঞ্চলে; গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ড, সাময়িকভাবে বন্ধ তেল সরবরাহ কার্যক্রম

by ABDUR RAHMAN

শনিবার রাতভর উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৬টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের বেশিরভাগই রাজধানী রিয়াদের আশপাশ এবং দেশের পূর্বাঞ্চলে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। শনিবার ড্রোন হামলায় দেশটির গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দরে আগুন লাগে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে তেল উত্তোলন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে আবার তা চালু করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন
banner

এদিকে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিকটতম আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের ন্যাশনাল গার্ড গত ২৪ ঘণ্টায় পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে কাতার জানিয়েছে, শনিবার দিনভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হলেও রাতের হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জরুরি নয় এমন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ও উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ফুজাইরাহ বন্দর থেকে গত বছর গড়ে প্রতিদিন প্রায় ১৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি রপ্তানি হয়েছে, যা বৈশ্বিক দৈনিক তেল চাহিদার প্রায় ১.৭ শতাংশ। হরমুজ প্রণালি প্রায় বন্ধ থাকায় ফুজাইরাহ বন্দরের গুরুত্ব আরও বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ