রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল রোববার (৮ মার্চ) রাতে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ধন্যবাদ, বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তি সৃষ্টি আর করবেন না।’
এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরই এই পোস্ট দেন নাসীরুদ্দীন।
গতকাল রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
আবুআ/

