ভারতের শহরে এক মর্মান্তিক ঘটনায় ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক মুসলিম কিশোর উনাইজ খান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সে তার এক বন্ধুর জন্মদিন উদযাপনে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর পরিবার জানায়, জন্মদিন উদযাপনের কথা বলে তার কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানেই তাকে গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিবার দাবি করছে, ধর্মীয় পরিচয়ের কারণেই সে এই হামলার শিকার হয়েছে।
ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন নিহত শিক্ষার্থীর বাবা। তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের একজনের বাবা ধনী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় প্রশাসন নীরব রয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিহত শিক্ষার্থীর বাবা বলেন, “আমার সন্তানের সঙ্গে যা হয়েছে, যদি সেটাই তাদের সন্তানের সঙ্গে হতো, তাহলে এতক্ষণে পুলিশ থাকতো, পতাকা থাকতো, বুলডোজার আসতো। আমাদের বাড়ি ভেঙে ফেলা হতো, আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে এত সময় পেরিয়ে গেলো, তবুও কোনো পদক্ষেপ নেওয়া হলো না।”
এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।
ঘটনার বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের অগ্রগতির জন্য অপেক্ষা করা হচ্ছে।
আর/

