গণভোট নিয়ে টানাটানি বন্ধ করুন, নইলে রাজপথে নামতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

গণভোটের রায় আদালতে নেওয়ার চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

by ABDUR RAHMAN

গণভোটের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করার ‘পাঁয়তারা’ চলছে—এমন অভিযোগ তুলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “গণভোটের গণরায়কে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দেশের মানুষ এটা মেনে নেবে না। যদি জনগণের রায় আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে নামতে হবে। আমরা ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না—আমাদের বাধ্য করবেন না।”

সোমবার (৩ মার্চ) কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি

নাহিদ ইসলাম বলেন, “আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। এখন সেই গণরায়কে আদালতে নিয়ে বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ হয়েছে। সংসদকে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের রায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর বিকল্প কিছু আমরা মেনে নেব না।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। তা ছাড়া সুসম্পর্কের সুযোগ নেই।”

অন্যান্য নেতাদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজব ও বিভ্রান্তির স্বাধীনতা চর্চা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি গণভোট আয়োজন ও নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়ে বিভ্রান্তি জনগণ গ্রহণ করবে না।”

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গণভোটে ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ বিজয় হয়েছে। কিন্তু সরকার গঠনের পর সংস্কার নিয়ে একধরনের চোর-পুলিশ খেলা চলছে। যদি জুলাই সনদ বাস্তবায়নে পাঁয়তারা চলতে থাকে, তাহলে সারা দেশের মানুষ রাজপথে নামতে প্রস্তুত থাকবে।”

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা’ উপলক্ষে সারা দেশে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ