দেশের বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাধারণ নাগরিক ও সাংবাদিকদের ওপরও পুলিশি হামলার ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্দোলন না করার ঘোষণাকে তিনি গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশের ছয়টি সিটি করপোরেশনে বিএনপি দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে। নতুন বাংলাদেশ গঠনের পথে এ ধরনের সিদ্ধান্ত হুমকিস্বরূপ বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য দ্রুত একটি স্পষ্ট রূপরেখা ঘোষণার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসক নিয়োগের সময়সীমা নির্ধারণ না করায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে এলেও বর্তমানে দলীয় জেলা প্রশাসকের অধীনে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হয়েছে। এনসিপি আশা করছে, সরকার দ্রুত সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রতিষ্ঠার এক বছরের আগেই জনগণের সমর্থনে এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনে প্রার্থী ও জোট ঘোষণায় দেরি হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, স্থানীয় নির্বাচন সামনে রেখে এনসিপি আগেভাগেই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী ঘোষণা করা হবে। তৃণমূল পর্যায়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রমও শুরু করা হচ্ছে।
জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে এগারো দলীয় জোট একসঙ্গে কাজ করলেও স্থানীয় নির্বাচনে আপাতত এনসিপি এককভাবে কার্যক্রম পরিচালনা করবে। তবে দেশের স্বার্থে প্রয়োজনে জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি অন্যান্য দলের অবমূল্যায়িত ত্যাগী নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনী সহিংসতায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। নিজের গাড়িতে হামলার ঘটনাও উল্লেখ করেন। হাতিয়াসহ বিভিন্ন এলাকায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তুলে তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।
আর/

