অনলাইন ডেস্ক>>
আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়। তিনি বলেন, তাদের প্রার্থী ও এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে বাধা দেওয়া হয়েছে এবং স্বাভাবিক পরিবেশে ভোট সম্পন্ন হয়নি।
লিখিত বক্তব্যে জানানো হয়, একাধিক কেন্দ্রে রিকশা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। দলটির আমির ও প্রার্থী মাওলানা মামুনুল হক একটি ভোটকেন্দ্রে অবরুদ্ধ অবস্থায় পড়েন বলেও দাবি করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে বের হন বলে জানানো হয়।
ভোট গণনার সময় ‘টেম্পারিং’ ও ‘ওভাররাইটিং’-এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিকশা প্রতীকের বহু ভোট বাতিলের অভিযোগ তোলে দলটি। অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করাকে তারা ভোটারদের অধিকারের প্রতি অবহেলা হিসেবে উল্লেখ করেছে।
সংবাদ সম্মেলনে ৩৪ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হায়দার আলীর মৃত্যুর প্রসঙ্গ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ এনে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
দলটির দাবি, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় তাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, রাজনৈতিক হয়রানি ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে।
খেলাফত মজলিসের ছয় দফা দাবি:
১. ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত।
২. নির্বাচনী অনিয়ম ও হায়দার আলীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত।
৩. ইব্রাহিম খলিলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি।
৪. সারাদেশে নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখতে স্বাধীন কমিশন গঠন।
৫. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ।
৬. নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতার বন্ধ।
সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, ঢাকা-১৩ আসনের বিষয়টি কেবল একটি নির্বাচনী ফলাফলের প্রশ্ন নয়; এটি জনগণের ভোটাধিকার ও গণবিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত।
ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিলের দাবি: ছয় দফা কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি উত্থাপন করেছে।
৩৮
