দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলা সফরে যান। তিন দিনের এ সফরে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সার্কিট হাউসে ঘটে একটি ভিন্ন ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর জেলা পর্যায়ের দুই নেতা- কোষাধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং সদস্য ও কলেজ অধ্যক্ষ সারোয়ার আলম—লোকচক্ষুর আড়ালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকরা নানা প্রশ্ন তুলছেন, আবার অনেকে বিষয়টিকে স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ বলেও মন্তব্য করেছেন।
যদিও সংশ্লিষ্ট দুই নেতার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি, জেলা আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, সময়ের সঙ্গে অবস্থান বদলে ব্যক্তিস্বার্থে তারা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, “অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উত্তরাঞ্চলের জনপ্রিয় নেতা এবং সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা জানানোতে বাধা নেই। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবে।”
আর/

