ঢাকা-৮ আসনে ‘ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তার’ প্রমাণের ভিত্তিতে এ আসনের শপথ স্থগিত করার আবেদন করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা এই আবেদন তার পক্ষে রবিবার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের নির্বাচনি অনিয়মের তথ্য তুলে ধরেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যদের দ্বারা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করা সহ নানা ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারও নির্বাচনি অনিয়মে জড়িত ছিলেন। এর ফলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
তিনি জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই দরখাস্তের মাধ্যমে নির্বাচনি কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আর/

