বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থীর ছবি-সম্বলিত ভোটার স্লিপসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ সেনাক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুজনকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং এক লাখ ২ হাজার টাকা জব্দ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত দুজন হলেন—হুমায়ুন গাজী ও এনায়েত গাজী। তারা বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে হুমায়ুন গাজীকে ১০ হাজার এবং এনায়েত গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাধবপাশা এলাকায় একটি মোটরসাইকেলে দুই আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে সেনাবাহিনী তাদের তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২ হাজার টাকা এবং একজন প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীক-সম্বলিত ভোটার স্লিপ উদ্ধার করা হয়। তবে আটকরা দাবি করেন, তারা পেট্রোল পাম্পের ব্যবসার জন্য নগদ টাকা বহন করছিলেন।
কামরুন্নাহার তামান্না বলেন, তাদের দাবি সন্তোষজনক মনে হলেও প্রার্থীর ছবি ও প্রতীক-সম্বলিত ভোটার স্লিপ পাওয়া যাওয়ায় এটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ কারণে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক লাখ ২ হাজার টাকা জব্দ দেখানো হয়েছে।
আর/

