কুমিল্লা: অনলাইন ডেস্ক
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে কুমিল্লা-৪ আসনে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোট সমর্থিত ওই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি সেই রিট খারিজ করে দেন।
পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে রোববার সকালে আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করেন।
এর ফলে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

