ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বাংলা একাডেমি জানিয়েছে, এদিন বেলা ১১টায় মেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হয়।
১৭ ডিসেম্বর বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভায় বইমেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বাংলা একাডেমির পরিচালক সমীর কুমার সরকার, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) কারণে মেলা স্থগিত করা হয়। লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা বরাবরই দাবি জানিয়ে আসছিলেন, ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা আয়োজন করা হোক।
বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর বৈঠকের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন নিশ্চিত করা হয়েছে।
বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশক ও প্রকাশনা সংস্থা অংশ নেবে। পাঠকরা নতুন বই দেখা, ক্রয় করা এবং লেখক-প্রকাশকদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ পাবেন।
এনএএস/

