নিজস্ব প্রতিবেদক >>>
ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনা রঙের সরিষা ফুলের সমারোহ। চোখ যতদূর যায়, হলুদ রঙে ছেয়ে থাকা মাঠ যেন জানান দিচ্ছে সম্ভাবনাময় এক ফসলি মৌসুমের। চলতি মৌসুমে জেলায় ব্যাপক আকারে সরিষার আবাদ হওয়ায় ভালো ফলনের আশায় দিন গুনছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ মৌসুমে ঝিনাইদহ জেলায় মোট ১৩ হাজার ২৯৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অধিকাংশ জমিতেই সরিষার ফলন আশানুরূপ হয়েছে। স্বল্পমেয়াদি ও কম খরচের ফসল হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে সদর উপজেলায় ৩ হাজার ৯২০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে ৩ হাজার ৮৯৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এ ছাড়া কালীগঞ্জ উপজেলায় ১,৯৮১ হেক্টর, শৈলকুপায় ২,৯২০ হেক্টর, হরিণাকুন্ডুতে ৩,৩৮০ হেক্টর, কোটচাঁদপুরে ৫০০ হেক্টর এবং মহেশপুর উপজেলায় ৫৯৪ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন,‘চলতি মৌসুমে ঝিনাইদহে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। জমি ফেলে না রেখে কৃষকেরা সরিষা আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আশা করছি তারা এবার আশানুরূপ লাভবান হবেন। পাশাপাশি জেলায় উৎপাদিত সরিষা স্থানীয় ভোজ্যতেলের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, কৃষকদের উৎসাহিত করতে বিনা মূল্যে বীজ ও সার বিতরণসহ বিভিন্ন পরামর্শমূলক কার্যক্রম চালানো হয়েছে। আগামী মৌসুমে জেলায় সরিষার আবাদ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এনএএস/

