বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বেগম জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। কবরে শায়িত করার পর মায়ের কবরে সবার আগে মাটিও দেন তিনি।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।
তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতারা কবরে মাটি দেন। সেখানে কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা। দোয়া পড়ে একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায় তাদের।
এর আগে স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার জানাজার ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। সেখানে তিল ধারণের জায়গা ছিলো না।
আবুআ/

