বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপসহীন নেত্রীর জানাজায় শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ নামাজে অংশ নেন। জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন, আশপাশের বাসা-বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিতে দেখা যায় মানুষকে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশ নেন। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।
জানাজার জন্য যখন মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, পুরোনো বাণিজ্য মেলার মাঠ, আসাদগেট, আড়ং মোড়সহ আশপাশের এলাকা জনস্রোত, তখন এসব এলাকার ভবনগুলোর ছাদে জানাজার নামাজ আদায় করতে দেখা গেছে অনেককে।
সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভেনিউ ছাড়িয়ে আশপাশের সব সড়ক, অলিগলি থেকে লাখো মানুষ জানাজায় অংশ নেয়। আশপাশের বাসা-বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা জানাজার নামাজ আদায় করেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
আবুআ/

