মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধুপুর জামিয়া ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হজযাত্রীদের বিমান ভাড়া কমানো ও দেশের মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে হজের বিমান ভাড়া কমিয়েছে। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী মধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব মধুপুর) সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলের কার্যক্রম চলছে।
মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদেরা বয়ান পেশ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের দেওবন্দের মাওলানা মুজ্জাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আবদুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল, মাওলানা মুসা আল হাফিজ ও মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।
স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। আগামীকাল শুক্রবার বয়ান ও জুমার নামাজ শেষে শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মাহফিল শেষ হবে।

