মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের মামলার আসামি সেই রুমির জামিন

by Hasan Al-Mahmud

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর, শিক্ষককে মারধর এবং ১৭ লাখ টাকা লুটের গুরুতর অভিযোগে করা মামলার আসামি শাহজালাল রুমি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালতে হাজির হলে বিচারক তাঁকে জামিন মঞ্জুর করেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত ২১ অক্টোবর ঢুকে অভিযুক্ত অভিভাবক শাহজালাল রুমি ও তাঁর সঙ্গীরা শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
banner

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, সেদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের মারধর করা হয় এবং মাদ্রাসার ১৭ লাখ টাকা লুট করা হয়। এসব অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এর আগে গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের সেই নির্দেশনার মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে এসে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেন।

জামিন পাওয়ার পর শাহজালাল রুমি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগকে মিথ্যা দাবি করে প্রতিক্রিয়া জানান। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের করা হামলা, ভাঙচুর, মারধর ও অর্থ লুটের মামলার আসামি হিসেবে তাঁর জামিন পাওয়ার বিষয়টি এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ