জিয়াউল আহসানের ১১৬ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

by Hasan Al-Mahmud

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

যুক্তিতর্ক উপস্থাপনকালে নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে সশরীর ট্রাইব্যুনালে উপস্থিত না করে ভার্চ্যুয়ালি হাজির করা হয়। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

বিজ্ঞাপন
banner

সমাপনী যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘অবৈধ শক্তি ও ক্ষমতার প্রভাবে জিয়াউল আহসান যে নারকীয় হত্যাযজ্ঞ করেছেন, তার পাশাপাশি দুর্নীতিও করেছেন। এই দুর্নীতিলব্ধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিম পরিবারগুলোকে এ অর্থ দেওয়ার জন্য আমি ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছি।’

আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন অনুযায়ী একজন ব্যক্তিকে একাধিকবার ফাঁসি দেওয়ার বিধান নেই। তা না হলে প্রসিকিউশনের মোতাবেক ১১৬ জন হতভাগ্য ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই ১১৬ জন ব্যক্তিকে যদি ভিন্নভাবে ট্রায়াল বা বিচার করা হতো, তাহলে কমপক্ষে এই আসামির ১১৬ বার মৃত্যুদণ্ডের আদেশ হতে পারত। আইনের সীমাবদ্ধতা মেনে তাঁকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক—এটাই রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের চাওয়া।’

সর্বোচ্চ পর্যায়ের প্রশ্রয় ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা

তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রশ্রয়ে জিয়াউল আহসান ‘দানব’ হয়ে উঠেছিলেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ইতিপূর্বে শেখ হাসিনার মামলায় দেওয়া সাক্ষ্যে বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কোর কমিটির সর্বশেষ দিন পর্যন্ত জিয়াউল আহসান সেখানে উপস্থিত ছিলেন। সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীর অফিসে যেখানে যেকোনো ব্যক্তিকে নিরস্ত্র অবস্থায় প্রবেশ করতে হয়, সেখানে তিনি নিজের গাড়িতে অস্ত্রসহ প্রবেশ করতে পারতেন এবং কেউ চেক করত না। তৎকালীন প্রধানমন্ত্রী ও তাঁর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের কাছে তাঁর অবাধ বিচরণ ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন ও প্রশ্রয় না পেলে আমাদের দেশের কোনো সন্তান এমন দানবীয় হয়ে উঠতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে পদোন্নতি নিতে হলে তাঁর মূল বাহিনীতে ফিরে যেতে হয়, কিন্তু তিনি প্রত্যেকটি পদোন্নতি বাইরে থেকে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে, যেখানে অবৈধ সম্পদের পাহাড় গড়ার বিষয়টি সাক্ষী দ্বারা প্রমাণিত হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় তাঁর সম্পৃক্ততার পাশাপাশি ৬ কোটি টাকার আর্থিক লেনদেন, কয়লার ব্যবসা ও গুলশানের একটি ফ্ল্যাটের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।’

জিয়াউল আহসানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘জনগণের করের টাকায় বেতন পেয়ে যাঁর দায়িত্ব ছিল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তিনি সেই অস্ত্র ব্যবহার করেছেন মানুষ খুন ও গুম করার জন্য, মায়ের বুক খালি করার জন্য, স্ত্রীকে স্বামীহারা ও সন্তানকে পিতৃহারা করার জন্য। এ কারণে তাঁকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।’

গুম চলমান অপরাধ ও আন্তর্জাতিক নজির

গুমকে একটি চলমান অপরাধ হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলম এবং সুমনের পরিবার—আজ আদালতে সুমনের মা, স্ত্রী এবং ‘মায়ের ডাক’-এর তুলি উপস্থিত ছিলেন—তাঁরা আজ পর্যন্ত জানেন না তাঁদের স্বজনের ভাগ্যে কী ঘটেছে। আন্তর্জাতিক আইনের নজির দেখিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত গুমের শিকার ব্যক্তিকে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজে ওই অপরাধ চলতেই থাকবে।’

যুক্তিতর্কে রুয়ান্ডা, যুগোস্লাভিয়া, সিয়েরা লিওন, চাদ, ইরাক ও আর্জেন্টিনার বিচারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আর্জেন্টিনায় বন্দীদের বিমানে তুলে পেট চিরে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হতো, কিন্তু সমুদ্র সেই লাশ ভাসিয়ে কিনারে এনে অপরাধের প্রমাণ দিয়েছে। আমাদের দেশেও একজন র‍্যাব সদস্যকে একইভাবে হত্যার পর নদী তাঁর লাশ ফিরিয়ে দিয়েছে। শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের সাতজন হতভাগ্য মানুষের লাশ ফিরিয়ে দিয়েছিল বলেই সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে, যার আপিল এখন আপিল বিভাগে চলছে।’

‘নির্দেশই দেননি, সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন’

প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘চিফ প্রসিকিউটরকে সহায়তা করার জন্য এবং সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমি আদালতে বক্তব্য রেখেছি। এ মামলায় ১৫ জন সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন, তা পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। জিয়াউল আহসান নিরপরাধ ব্যক্তিদের গুম ও হত্যার শুধু নির্দেশই দেননি, তিনি সরাসরি এসব হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন।’

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে চলমান নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আপিল শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির জবানবন্দির অংশ আজ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে তৎকালীন র‍্যাবে কর্মরত জিয়াউল আহসানের সুনির্দিষ্ট নির্দেশনা ও অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো না এবং র‍্যাব বা অধীনস্থ বাহিনীর কোনো সদস্য কোনো কাজ করতে পারত না।

ট্রাইব্যুনালের এখতিয়ার ও বিচারের স্বচ্ছতা

ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেন যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ ছাড়া পরবর্তী সময়ের কোনো অপরাধের বিচারের ক্ষমতা এই ট্রাইব্যুনালের নেই। আমি রোম স্ট্যাটিউট, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং আমাদের সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ উল্লেখ করে দেখিয়েছি যে এই ট্রাইব্যুনাল বিচার করতে সম্পূর্ণ সক্ষম এবং এর ভিত্তি দেশের সর্বোচ্চ আইন সংবিধান দ্বারা সুপ্রতিষ্ঠিত।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) না গিয়ে দেশীয় ট্রাইব্যুনালে বিচারের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘কোনো রাষ্ট্র যখন অপরাধীদের আড়াল করতে চায় বা সুষ্ঠু বিচার করতে চায় না, তখনই আইসিসিতে যাওয়ার প্রশ্ন আসে। কিন্তু এখানে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করছে এবং আসামিপক্ষও সাক্ষীদের জেরা করার ও যুক্তিতর্ক উপস্থাপনের সমান সুযোগ পাচ্ছে। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে যুক্তিতর্ক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিচার নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন তোলার সুযোগ না পায়।’

banner

এ জাতীয় আরো সংবাদ