পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন দলটির কেন্দ্রীয় নেতা ও জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারি, পাঞ্জাব প্রদেশের আমির মাওলানা আমজাদ খান এবং ছাত্রসংগঠন জেটিআইয়ের কেন্দ্রীয় সভাপতি মালিক উয়াইস।
জমিয়তে উলামায়ে ইসলামের মুখপাত্র আসলাম ঘোরি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দাবি করেছেন তিনি।
স্পিকারের অনুমতি নিয়ে প্রশ্ন
আসলাম ঘোরি প্রশ্ন তুলেছেন, জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারিকে গ্রেপ্তারের ক্ষেত্রে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের অনুমতি নেওয়া হয়েছে কি না। তিনি বলেন, বিনা পরোয়ানায় এ ধরনের গ্রেপ্তার দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মুখে চপেটাঘাতের শামিল।
এক বিবৃতিতে জমিয়তের মুখপাত্র বলেন, ‘দেশে কি সামরিক আইন জারি হয়েছে? রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিজে সভা-সমাবেশ করছেন, অথচ বিরোধী দলগুলোর কি সেই অধিকার নেই?’
হুঁশিয়ারি ও মুক্তির দাবি
আসলাম ঘোরি আরও বলেন, সংবিধান ও আইনের সীমার মধ্যে থেকে রাজনৈতিক সংগ্রাম করাকে সরকারের দুর্বলতা ভাবা হচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে হাইব্রিড ব্যবস্থার গণতন্ত্রের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অবিলম্বে গ্রেপ্তার নেতাদের পাশাপাশি আটক অন্যান্য নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান জমিয়তের এ মুখপাত্র। অন্যথায় পরিস্থিতির অবনতির দায় পাঞ্জাব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

