দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাসির মোড়ল, ভাইরাল ভিডিও

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

by ABDUR RAHMAN
দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বিদেশ থেকে দেশে ফেরার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লকে গাজীপুরে একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর মহানগরের রাজেন্দ্রপুর-নান্দুয়ান এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। নাসির মোড়লের ব্যক্তিগত ফেসবুক আইডিসহ কয়েকটি অ্যাকাউন্ট থেকে মিছিলের লাইভ ভিডিওও সম্প্রচার করা হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আরও কয়েকটি স্লোগান।

মিছিল শেষে মহাসড়কের ওপর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, গাজীপুরে উপস্থিত হয়ে তার প্রতি যে সমর্থন দেখানো হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি শেখ হাসিনার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশার কথাও উল্লেখ করেন।

নাসির মোড়ল আরও বলেন, এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ হয়। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থল তাদের থানা এলাকায় না হলেও বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, নাসির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করতে দেখা যায়। দেশে ফেরার পর এই প্রথম তাকে প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ