আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জাস্ক জেলার বুঞ্জি এলাকায় একটি পানি শোধনাগারে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, এ হামলায় সমুদ্রের পানি উত্তোলনকারী প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বিদ্যুৎ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় অন্তত ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ, আল-জাজিরা এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুলহামিদ হামজেহপুর বলেন, বুঞ্জি গ্রামের প্রধান লবণাক্ত পানি শোধনাগারের গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং শোধনাগারের একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার ধ্বংস হওয়ায় পুরো ব্যবস্থাই অচল হয়ে পড়েছে।
তার দাবি, এ ঘটনায় প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রশাসন বিকল্প উপায়ে জরুরি পানি সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হামজেহপুর এই হামলাকে ‘অপরাধের ধারাবাহিকতা’ এবং ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের জীবনযাত্রা এই শোধনাগারের ওপর নির্ভরশীল ছিল।
তবে এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ, মিডল ইস্ট আই
আর/

