ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর বাংলাদেশ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি। তিনি অবিলম্বে ওই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে এর প্রতিবাদ জানানোর আহ্বান করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।
হেফাজতের যাত্রাবাড়ী জোন সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।
সমাবেশে বক্তারা ভারতীয় মন্ত্রীর হুমকির পাশাপাশি দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কাজলায় গিয়ে শেষ হয়।

