নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান ও সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০ আগস্ট রাতে সালেহ নগর এলাকায় মুজাহিদুল ইসলাম বুলবুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একজন দায়িত্বশীল যুব সংগঠককে এভাবে প্রকাশ্যে হত্যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
তারা বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতারা বলেন, কোনো রাজনৈতিক প্রভাব, সন্ত্রাসী গোষ্ঠীর চাপ কিংবা অন্য কোনো কারণে হত্যাকারীরা যেন আইনের হাত থেকে রেহাই না পায়। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরিবারের প্রতি সমবেদনা
বুলবুল হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান ও মো. রফিকুল ইসলাম নিহতের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি মহান আল্লাহর কাছে মুজাহিদুল ইসলাম বুলবুলের মাগফিরাত কামনা করেন তারা।

