৮২ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

by Hasan Al-Mahmud

দেশের ৮২ হাজারের বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান এ কর্মসূচির আওতায় আসছে। এ জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

কোন প্রতিষ্ঠানের কতজন ভাতা পাবেন

জনপ্রশাসন উপদেষ্টা জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আওতাভুক্ত ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও সরকারি এ সহায়তা পাবেন।

পাইলট প্রকল্প ও দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথম এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী (৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ও অন্যরা খাদেম বা সেবাকর্মী) ভাতা পান।

দ্বিতীয় পর্যায়ে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

ভাতা বিতরণের প্রক্রিয়া ও স্বচ্ছতা

সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কোনো নগদ অর্থ দেওয়া হবে না। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে টাকা পাঠানো হবে। এতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ থাকবে না বলে জানান উপদেষ্টা।

তালিকা প্রণয়নে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দুজন বিশিষ্ট ব্যক্তির সহায়তায় নিরপেক্ষভাবে এ তালিকা তৈরি করেছেন। এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধবিহার ও ১ হাজার ২০৪টি গির্জাসহ মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশ প্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে এবং আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ ভাতার আওতায় আনা হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ