হেফাজতে ইসলামের প্রতিবাদের মুখে বিতর্কিত বক্তা তাহেরীর অননুমোদিত মাহফিল বন্ধ

by Hasan Al-Mahmud

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে বিতর্কিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমন ও পূর্বনির্ধারিত মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ওই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তাহেরীর আগমনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই স্থানীয়ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাঁরা প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত এই প্রোগ্রাম বন্ধ ও তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে প্রশাসনের অনুমতি না থাকায় এবং হেফাজতের অবস্থানের মুখে আইনশৃঙ্খলা বাহিনী প্রোগ্রামটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই অননুমোদিতভাবে ওই মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না বলে স্পষ্ট অবস্থান নেয় হেফাজত। তিনি প্রোগ্রাম করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে প্রতিহত করার ঘোষণাও দেন সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন যেকোনো মূল্যে মাহফিল আয়োজনের দাবি তুললেও শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি না থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সামনে আসায় আয়োজনটি ভেস্তে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ