অর্জুন সিংয়ের বক্তব্য ‘পাগলের প্রলাপ’, ভারতের জনগণকে সতর্ক থাকার আহ্বান গাজী আতাউরের

by Hasan Al-Mahmud

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিকে ‘পাগলের প্রলাপ’ ও ‘দিবাস্বপ্ন’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া ব্যক্তি ও তাঁদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য ভারতের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি বলেন, আধুনিক জাতিরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থায় এক দেশের মন্ত্রী হয়ে আরেকটি দেশ দখলের কথা মতিভ্রম না হলে বলা সম্ভব না। যে মতিভ্রষ্ট লোক পার্শ্ববর্তী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা জানে না এবং নিজের কাজের পরিধি সম্পর্কে অজ্ঞ, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে ভারতীয়দের নিজেদের পরিণতি নিয়ে শঙ্কিত হওয়া উচিত।

ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকদের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, উন্মাদ প্রকৃতির এমন লোকদের কাছ থেকে সাবধান হতে হবে এবং তাঁদের ও তাঁদের পৃষ্ঠপোষকদের গদিচ্যুত করতে হবে। অন্যথায় তাঁরা নিজেদের সর্বনাশ করার পাশাপাশি ভারতীয়দেরও সর্বনাশ ডেকে আনবেন।

অর্জুন সিংয়ের মন্তব্যকে অলিক কল্পনাপ্রসূত ও অবাস্তব উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, এ ধরনের বক্তব্যকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেওয়া বাহুল্য। তবে মন্ত্রী হওয়ার কারণে তাঁকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ আঙুল তুললে বা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।

সবশেষে অখণ্ড ভারতপন্থী ও কল্পনার জগতে বাস করা ব্যক্তিদের সতর্ক করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’

banner

এ জাতীয় আরো সংবাদ